টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪ কার্বন’ এবার জেমিনি অ্যাপ এবং গুগল সার্চের এআই মোডে যুক্ত করা শুরু করেছে। গত অক্টোবরের শেষের দিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রথম এই মডেলটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। এর দুই সপ্তাহ পর এবার সাধারণ গ্রাহক ও ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হলো।
বিস্তৃত পরিসরে ব্যবহার শুরু
গত ১০ নভেম্বর থেকে গুগল এআই আল্ট্রা সাবস্ক্রাইবার, অর্থ প্রদানকারী ডেভেলপার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এই মডেলটির পরিসর বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে গুগলের এআই আল্ট্রা সাবস্ক্রিপশনের মাসিক মূল্য শুরু হয় ১০০ ডলার থেকে। এর মাধ্যমে গুগলের এআই কোডিং প্ল্যাটফর্ম ‘অ্যান্টিগ্র্যাভিটি’-তেও কার্বন মডেলটি ব্যবহার করা সম্ভব।
সার্চের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যবহারকারীরা এআই মোডের মডেল মেনু থেকে জেমিনি ৪ কার্বন নির্বাচন করতে পারবেন। এই সুবিধা পেতে হলে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এবং সমর্থিত দেশগুলোতে ১৮ বছর বা তার বেশি বয়সীরাই কেবল এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া দৈনিক ব্যবহারের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে তুলনামূলক কম মূল্যের প্যাকেজগুলোতে এই মডেলটি কবে নাগাদ যুক্ত হবে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
কার্বনের বিশেষত্ব ও সক্ষমতা
কোডিং ও সাধারণ জ্ঞানভিত্তিক কাজের জন্য গুগল এখনো ‘জেমিনি ৪ আরগন’ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। তবে এর পাশাপাশি যুক্ত হয়েছে কার্বন। কোনো সমস্যা গভীরভাবে বিশ্লেষণ করতে এবং নিজের কাজ নিজে যাচাই করতে কার্বন তুলনামূলক বেশি টোকেন ব্যবহার করে। ফলে অ্যাপের বিভিন্ন অংশের মধ্যকার জটিল ত্রুটি বা ডিবাগিংয়ের মতো কাজের জন্য এটি অত্যন্ত উপযোগী। কোডিংয়ের ক্ষেত্রে কার্সরবেঞ্চ ৪.০ এবং ওয়ার্কশপ অটোমেশনের জন্য জাপিয়ার অটোমেশনবেঞ্চে এই মডেলটি শীর্ষস্থান অর্জন করেছে বলে জানিয়েছে গুগল।
ডেভেলপার ও ব্যবসার জন্য সুবিধা
গুগল এআই স্টুডিও ও অ্যান্ড্রয়েড স্টুডিওর পেইড জেমিনি এপিআইয়ের মাধ্যমে ডেভেলপাররা কার্বন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও জেমিনি ফর বিজনেসে এটি বেছে নিতে পারবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এপিআইয়ের স্ট্যান্ডার্ড মূল্য আরগনের প্রারম্ভিক হারের সমান রাখা হয়েছে। এক্ষেত্রে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ১০ ডলার খরচ পড়বে। তবে আগামী ১ ডিসেম্বর থেকে কার্বনের উভয় মূল্যই দ্বিগুণ হবে।
এ ছাড়া গুগল অ্যান্টিগ্র্যাভিটি প্ল্যাটফর্মে ‘স্নোয়ার্ম’ নামের নতুন একটি ফিচারের প্রিভিউ সংস্করণ আনছে। এর মাধ্যমে ডেভেলপাররা একটিমাত্র প্রম্পট দিয়ে একাধিক এআই এজেন্টের জন্য একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং রিয়েল-টাইমে সেগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এক্ষেত্রে কার্বন সামগ্রিক ডিজাইনের দায়িত্ব পালন করতে পারে, আর তুলনামূলক দ্রুত গতির মডেলগুলো একই সঙ্গে আলাদা অংশ নিয়ে কাজ করতে পারে।



