প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোম্পানিটির দীর্ঘদিনের কান্ডারি জেনসেন হুয়াং। কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার বোর্ড অব ডিরেক্টরস জানায়, জেনসেন হুয়াং কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে তিনি পরিচালনা পর্ষদের সদস্যপদও ছেড়ে দিয়েছেন।
হুয়াংয়ের পদত্যাগের পর কোম্পানিটির বর্তমান নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে এনভিডিয়া।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়ী উত্তরাধিকারী নিয়োগ না হওয়া পর্যন্ত কোলেট ক্রেস তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবেও দায়িত্ব পালন করে যাবেন। স্থায়ী প্রধান নির্বাহী খুঁজে বের করতে বোর্ড ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের প্রার্থীদের মধ্য থেকেই তা বিবেচনা করা হবে।
নতুন বোর্ডের গঠন ও নেতৃত্ব
এই রদবদলের অংশ হিসেবে এনভিডিয়া তাদের ইতিহাসে প্রথমবারের মতো বোর্ডের চেয়ারম্যান পদে হার্ভে জোন্সকে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন কোম্পানি সিনপ সিস-এর সিইও এবং নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এক বিবৃতিতে হার্ভে জোন্স বলেন, অসাধারণ প্রবৃদ্ধির এই সময়ে কোলেট এনভিডিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের ব্যবসা, গ্রাহক, পরিচালনা ও আর্থিক পরিস্থিতি সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে। বোর্ডের কোলেট ও তার দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং কোম্পানির কার্যক্রমে কোনো বাধা ছাড়াই সব পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।
বিতর্ক ও তদন্তের মুখে পদত্যাগ
চীনা গোয়েন্দা সংস্থার চর হিসেবে অভিযুক্ত এক সাবেক টেক নির্বাহীর সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করার পর, এনভিডিয়ার বোর্ড জেনসেন হুয়াংকে নিয়ে তদন্তের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক দিন পরেই এই পদত্যাগের ঘটনা ঘটল। সেই সময় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনো গোপনীয়তা ফাঁস হওয়ার মতো কোনো প্রমাণ তাদের কাছে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, এফবিআই এ বিষয়ে তদন্ত করছে।
পরবর্তীতেনিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় যে, হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার এমন এক নারী নির্বাহীরও সম্পর্ক ছিল যিনি সরাসরি তার কাছে প্রতিবেদন জমা দিতেন। চলতি বছর কোম্পানির একটি সম্মেলনের সময় একটি হোটেলে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
এআই বিপ্লবের অগ্রপথিক
কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হওয়া এনভিডিয়ার জন্য জেনসেন হুয়াংয়ের এই পতন অত্যন্ত নাটকীয় এক মোড়। ১৯৯৩ সালে কোম্পানিটি সহ-প্রতিষ্ঠার পর থেকেই তিনি এর প্রধান নির্বাহী ছিলেন। তার হাত ধরেই এনভিডিয়া একটি সাধারণ থ্রিডি গ্রাফিক্স কোম্পানি থেকে চার ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজারমূল্যের এআই শক্তিতে রূপ নেয়।
সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় হুয়াং এআই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। মার্ক জাকারবার্গ এবং সত্য নাদেলাসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে তাকে প্রায়ই সিগনেচার কালো লেদার জ্যাকেট পরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও হুয়াংকে বহুবার দেখা গেছে এবং সম্প্রতি চীন সফরে যাওয়া ট্রাম্পের সঙ্গী প্রযুক্তি নেতাদের মধ্যেও তিনি ছিলেন। সাম্প্রতিক বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট বলেন যে তিনি বিশ্বাস করেন হুয়াং একজন সম্মানিত ব্যক্তি।
চলতি সপ্তাহের শুরুর দিকে এনভিডিয়ার কর্মচারীদের কাছে পাঠানো এক বার্তায় হুয়াং তার আচরণের জন্য ক্ষমা চান। তিনি লেখেন যে কোম্পানিকে নেতৃত্ব দেওয়া ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এবং তিনি এনভিডিয়াকে রক্ষা করতে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সমর্থন করতে বদ্ধপরিকর।



