বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা। গত ১২ নভেম্বর মাইক্রোসফটের জনপ্রিয় সেবাগুলোয় বড় ধরনের বিঘ্ন ঘটার পর এখনো বিভ্রাট অব্যাহত রয়েছে। ফলে আউটলুক, মাইক্রোসফট টিমস এবং কোপাইলট ৩৬৫-এর মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট।
যেসব সেবা ব্যাহত হচ্ছে
ডাউন্ডেটেক্টর এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আউটলুক ব্যবহারকারীরা এখনো বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন। এছাড়া মাইক্রোসফটের নিজস্ব স্ট্যাটাস পেজেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায় প্রবেশ করতে কিংবা নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করতে পারছেন না। আউটলুকের পাশাপাশি ওয়ানড্রাইভ, ওয়াননোট, মাইক্রোসফট টু-ডু, টিমস এবং ওয়েবভিত্তিক মাইক্রোসফট ৩৬৫ সেবা এই সমস্যার আওতাভুক্ত।
সমস্যা সমাধানে মাইক্রোসফটের পদক্ষেপ
পরিস্থিতি স্বাভাবিক করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়েছে মাইক্রোসফট। কোম্পানিটি জানিয়েছে, এই ঘটনা নিরসনে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান সমাধানের অংশ হিসেবে রাউটিং সেবা থেকে ব্যাকএন্ড সার্ভারগুলোর আউটবাউন্ড কলের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। ব্যাকএন্ড সার্ভারগুলোর আউটবাউন্ড সেবা যখন ব্যাকএন্ড মেশিনগুলোয় সঠিকভাবে রাউট করতে পারে না, তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রাফিক রিব্যালান্সিংয়ের কারণে এই চাপ তৈরি হয়েছে এবং এর মূল কারণ খুঁজে বের করতে কাজ চলছে।
ক্ষমতা বৃদ্ধি এবং কাজের চাপ কমাতে ভার্চুয়াল মেশিন স্কেল আপ করার কাজ চলছে। পাশাপাশি, সাম্প্রতিক নেটওয়ার্ক পরিবর্তনের জন্য ফোর্স সিঙ্ক করতে ত্রুটিপূর্ণ অবস্থায় থাকা মেশিনগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে, যা সেবার প্রাপ্যতা বাড়াতে পারে। তবে কিছু মেশিন ত্রুটিপূর্ণ অবস্থায় আটকে থাকায় প্রত্যাশিতভাবে সিঙ্ক করা সম্ভব হচ্ছে না। সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
সাইবার হামলার কোনো শঙ্কা নেই
পরিস্থিতি নিয়ে মাইক্রোসফটের এক্সিকিউটিভ চার্লস লামানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, গ্রাহকদের ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত এবং সমস্যা সমাধানে কাজ চলছে। তথ্য পাওয়া মাত্রই তা শেয়ার করা হবে। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পেছনে কোনো ধরনের ম্যালওয়্যার বা সাইবার হামলার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আউটলুক এবং অন্যান্য মাইক্রোসফট ৩৬৫ সেবা সম্পূর্ণ চালু হওয়ার পর পরিস্থিতি নিয়মিত আপডেট করা হবে।
সূত্র: androidauthority.com



