টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য ৭ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসিসের প্রশাসক ও অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর বেসিসের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত এই কমিটি বেসিসের নতুন সদস্য গ্রহণ এবং বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ করার কাজ পরিচালনা করবে।
সহায়ক কমিটির সদস্যরা হলেন—ট্রাস্ট-আইটি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নূরুল ইসলাম, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব, অটোভা টেকনোলজির ফেরদৌস আলম, রেড স্প্যারো ডিজিটালের পরিচালক মো. ফুয়াদ হাসান, লেমিসে লিমিটেডের সিইও মো. রাশেদ উল হক সরকার এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মোহাম্মদ তাফিত হাসান চৌধুরী।
কমিটির কর্মপরিধি নির্দেশনায় বলা হয়েছে, সহায়ক কমিটির সদস্যরা কেবল নতুন সদস্য নেওয়া ও বিদ্যমান সদস্যদের তথ্য হালনাগাদের কাজেই যুক্ত থাকবেন। পাশাপাশি, এই কমিটির কোনো সদস্য যদি বেসিসের আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান, তবে নির্বাচনের তফসিল ঘোষণার দিনই তাঁকে সহায়ক কমিটির পদ থেকে পদত্যাগ করতে হবে।


