টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস-২০২৬’ সম্মাননা প্রদান করেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে ৫ অক্টোবর শুরু হওয়া ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ, অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ এইচ কাফির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব রাশেদ কামাল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও জনাব মো. মনির হোসেন এবং স্কিলআপারের ফাউন্ডার ও চিফ ইনস্ট্রাক্টর জনাব মো. শামীম হুসাইন।
বিসিএস-এর মনোনয়নে অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস ক্যাটেগরিতে দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে স্কিলআপার সম্মাননা অর্জন করেছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইনসহ ১৫ সদস্যের বিসিএস প্রতিনিধি দল।
এবারের বিশ্ব সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেশের আইসিটি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং স্কিলআপারের এই সম্মাননা বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের আন্তর্জাতিক স্বীকৃতি। দীর্ঘদিনের পরিশ্রম, মেধা ও নিষ্ঠার ফলেই এ ধরনের অর্জন সম্ভব হয়েছে। এ স্বীকৃতি দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও টেকসই ডিজিটাল রূপান্তরে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে।”
তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার ৩১টি সদস্যদেশের মধ্যে অংশ নিয়েছে ২৭টি দেশ। ২৭টি দেশের প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য,তিন দিনব্যাপী বিশ্ব সম্মেলনটির আয়োজন করেছে স্বাগতিক সংগঠন ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস)। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে ৫ অক্টোবর শুরু হওয়া এ বিশ্ব সম্মেলনটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।


