টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন ‘আইফোন ডুও’ বাজারে আসার মাত্র কয়েক দিনের মধ্যেই বড় ধরনের হার্ডওয়্যার ত্রুটির মুখে পড়েছে। গত ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি বাজারে আসার পর থেকেই এর পর্দা ফেটে যাওয়া, ডেড পিক্সেল ও স্ক্রিনে অদ্ভুত রেখা দেখা দেওয়ার একের পর এক অভিযোগ করছেন ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ গ্রাহকরা এই সমস্যার নাম দিয়েছেন ‘ক্র্যাকগেট’।
গ্রাহকদের অভিজ্ঞতা ও অভিযোগ
রেডিটসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যানুযায়ী, ফোন কেনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বা সামান্য কয়েকবার খোলার পরই এর পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বর্ণনা অনুযায়ী, ফোনটি ভাঁজ বা খোলার সময় প্রথমে কবজায় (হিঞ্জ) অস্বাভাবিক শক্তভাব অনুভূত হয়। এরপর একটি ‘পপ’ বা ফাঁটার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেতরের ফোল্ডেবল ডিসপ্লেতে ফাটল দেখা দেয়।
অধিকাংশ ক্ষেত্রেই স্ক্রিনের মাঝখানের ভাঁজ বরাবর ইংরেজি ‘টি’ অক্ষরের মতো লম্বা ফাটল তৈরি হয়েছে। এর পাশাপাশি পর্দার একাংশে চিপ উঠে যাওয়া এবং কোনো কোনো ফোনের ডান পাশে ডেড পিক্সেলের কারণে উজ্জ্বল রেখা ভেসে ওঠার অভিযোগও পাওয়া গেছে।
সরবরাহসংকট ও মেরামতে বাড়তি খরচ
ইতিমধ্যেই অনলাইনে আইফোন ডুওর সব রঙ ও স্টোরেজের সংস্করণ স্টকআউট হয়ে গেছে। নতুন অর্ডার করলে আগামী বছরের ২২ জানুয়ারির আগে ফোন হাতে পাওয়ার সম্ভাবনা নেই। ফলে ত্রুটিপূর্ণ ডিভাইস বদলে নিতে চাইলেও গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
অ্যাপলের ১ বছরের ওয়ারেন্টি নীতিমালায় স্বাভাবিক ব্যবহারের সময় হিঞ্জে ত্রুটি দেখা দিলে তা বিনামূল্যে সারাইয়ের নিয়ম থাকলেও, ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলে এই ডিভাইস মেরামতে সর্বোচ্চ ১ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে- যা অনেক নতুন স্মার্টফোনের বাজারের দামের চেয়েও বেশি। অবশ্য কিছু গ্রাহক দীর্ঘ অপেক্ষায় না গিয়ে সরাসরি অ্যাপল স্টোরে যোগাযোগ করে তাৎক্ষণিক প্রতিস্থাপন বা রিফান্ড পেয়েছেন বলে জানিয়েছেন।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও কারণ অনুসন্ধান
প্রযুক্তিপণ্য মেরামতবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘আইফিক্সিট’ ফোনটির ভেতরের যন্ত্রাংশ পরীক্ষা করে জানিয়েছে, আইফোন ডুওর হিঞ্জ বা কবজার কাঠামো বেশ জটিল। এর ভেতরের কোনো অংশ সঠিকভাবে নড়াচড়া না করলে স্ক্রিনের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষ করে ভেতরের একটি ক্যাবল ও অপেক্ষাকৃত পাতলা একটি যন্ত্রাংশ আটকে গিয়ে এই ফাটল তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার এক ইউটিউবারও পরীক্ষা চালিয়ে দেখিয়েছেন যে, হিঞ্জের ভেতরের একটি ক্ষুদ্র যন্ত্রাংশ ভেঙে যাওয়ার কারণেই মূলত পর্দায় এই ফাটল ধরছে।



