টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ের ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ নামে একটি সমস্যা সমাধানভিত্তিক (কেস) প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবির ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তিনজনের দল গঠন করে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনে ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে নতুন ও কার্যকর সমাধান উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন এবং নতুন প্রযুক্তির বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা এবং ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখা রবির লক্ষ্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে রবির ওয়েবসাইট robi.com.bd/privacy-avengers এ। প্রতিযোগিতায় মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
নিবন্ধিত দলগুলোকে একটি নির্ধারিত কেস বিশ্লেষণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে কনসেপ্ট পেপার জমা দিতে হবে। প্রাথমিক বাছাই শেষে সেরা ২০টি দল ‘প্রাইভেসি ডিফেন্ডারস’ হিসেবে পরবর্তী ধাপে অংশ নেবে। এরপর নির্বাচিত ১০টি দল শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে।
চূড়ান্ত পর্বে দলগুলো ১৩ অক্টোবর গ্র্যান্ড জুরির সামনে তাদের সমাধান উপস্থাপন করবে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দলকে ‘প্রাইভেসি গার্ডিয়ান ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হবে।


