টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া দলগুলোর সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান। তাঁরা তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তোলা, উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং নতুন সম্ভাবনা তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহের লোকাল লিড আনিসুল হক অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের স্বাগত জানান। পরে নয়টি শহরের লোকাল লিডদের পক্ষে বক্তব্য দেন অভিজিৎ ভৌমিক। তিনি প্রতিযোগিতা আয়োজনে অংশগ্রহণকারী, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশজুড়ে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের ক্ষেত্রে দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেন।
এবারের প্রতিযোগিতায় নয়টি শহরের বিজয়ী ও রানারআপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে পেনুমব্রা, প্রথম রানারআপ লাস্ট কল এবং দ্বিতীয় রানারআপ টিম পোলারিস। চট্টগ্রামে চ্যাম্পিয়ন প্রজন্ম অ্যাপোলো, প্রথম রানারআপ টিম পিটিএসডি এবং দ্বিতীয় রানারআপ খাট্টা বিউন। বরিশালে চ্যাম্পিয়ন অ্যাস্ট্রোবোন, প্রথম রানারআপ স্পেসড আউট ক্যাটস এবং দ্বিতীয় রানারআপ টিম অ্যাগামেমনন।
ময়মনসিংহে চ্যাম্পিয়ন গ্যালাকটিক পোয়েট, প্রথম রানারআপ টিম ব্রেইনস্টর্ম ট্রুপার্স এবং দ্বিতীয় রানারআপ স্পেস অডিসি। রাজশাহীতে চ্যাম্পিয়ন অ্যাকুইলা, প্রথম রানারআপ দুষ্টু কোকিল এবং দ্বিতীয় রানারআপ মাইনাস ওয়ান। সিলেটে চ্যাম্পিয়ন টিম প্রতিকৃতি, প্রথম রানারআপ ওয়াইড উইভ এবং দ্বিতীয় রানারআপ টিম কসমিক ইক্লিপস।
খুলনায় চ্যাম্পিয়ন নোভালজিটস, প্রথম রানারআপ টিম কসমোরা এবং দ্বিতীয় রানারআপ অ্যাস্ট্রোডটস। কুমিল্লায় চ্যাম্পিয়ন এআইভিয়ন, প্রথম রানারআপ টিম অ্যাস্ট্রাল এবং দ্বিতীয় রানারআপ ক্রোনো স্ট্রাইডার। রংপুরে চ্যাম্পিয়ন টিম অবলিভিয়ন, প্রথম রানারআপ উইন+আর এবং দ্বিতীয় রানারআপ নিউরাভেস্টা।
প্রতিযোগিতার স্থানীয় আয়োজন সমন্বয় করেন ঢাকায় মোহাম্মদ মাহদিউজ্জামান, চট্টগ্রামে অভিজিৎ ভৌমিক, ময়মনসিংহে আনিসুল হক ভূঞা, খুলনায় সানজার আদনান আলম, সিলেটে দেলোয়ার আলম, রাজশাহীতে তৌফিক এলাহী প্লাবন, রংপুরে রিফাত ইসলাম রিফাত, কুমিল্লায় মো. পারভেজ কাউসার এবং বরিশালে আরিফুল হাসান অপু। প্রতিযোগিতা আয়োজনে অবদানের স্বীকৃতি হিসেবে লোকাল লিডদের ক্রেস্ট দেওয়া হয়। বিজয়ী দলগুলোকেও তাদের অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।
এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের টাইটেল স্পনসর ছিল এআইইউবি। তরুণ উদ্ভাবক, ডেভেলপার, গবেষক ও সমস্যা সমাধানকারীদের নিজেদের ধারণা এবং প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়টি সহযোগিতা করেছে।
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে পৃথিবী ও মহাকাশ-সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্ষমতা তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


