মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
24 C
Dhaka

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান চুক্তির মেয়াদ আর না বাড়ানোর আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১০ নভেম্বর এই সেবার পরিচালনাকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটিকে চিঠি দিয়ে সিদ্ধান্তটি জানানো হয়েছে। অথচ এর আগেই গত ৩১ অক্টোবর চুক্তির বর্ধিত ছয় মাসের মেয়াদ শেষ হয়ে গেছে।

নথিপত্রে সেবাটি বন্ধ হওয়ার নির্দিষ্ট তারিখ, নাগরিকদের জন্য কোনো আগাম ঘোষণা কিংবা সরকারি বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি। এতে দেশের কোটি মানুষের কাছে পরিচিত জরুরি এই টেলিহেলথ সেবা চালু থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিনেসিস আইটি সেবাটি বন্ধ করে দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার তত্ত্বাবধানে ২০১৫ সাল থেকে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ পরিচালিত হয়ে আসছে। যেকোনো মোবাইল ফোন থেকে ১৬২৬৩ নম্বরে কল করে নাগরিকেরা ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যতথ্য, ই-প্রেসক্রিপশন, রেফারেল ও অ্যাম্বুলেন্স-সংক্রান্ত সহায়তা পেয়ে আসছেন। ১১ নভেম্বরের এক ব্রিফিংয়ে সিনেসিস আইটি জানিয়েছে, তখনো তাদের মাধ্যমে সেবাটি চলছিল। তবে চুক্তি না বাড়ানোর চিঠির পর এক-দুই দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার পদ্ধতি জানাবে প্রতিষ্ঠানটি।

সরকারি নথিতে স্ববিরোধী অবস্থান
চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তের পেছনে সরকারি দপ্তরগুলোর নথিপত্রে স্পষ্ট স্ববিরোধিতা দেখা গেছে। গত ১৮ মে এমআইএস পরিচালক ডা. আবু আহাম্মদ আল মামুন সিনেসিস আইটিকে দেওয়া প্রত্যয়নপত্রে প্রতিষ্ঠানটির কাজকে ‘সন্তোষজনক, দায়িত্বশীল ও প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন। মূল তিন বছরের চুক্তিকালে (২ মে ২০২৩ থেকে ১ মে ২০২৬) ৬৩ লাখ ৪৪ হাজার ৬২০টি কল পরিচালনার তথ্যও সেখানে রয়েছে।

এরপর বকেয়া বিল যাচাইয়ে গত ২০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পাঁচ সদস্যের সার্ভে কমিটি কল সেন্টার পরিদর্শন ও দৈবচয়নে কল রেকর্ড যাচাই করে। ২৭ আগস্ট দাখিল করা প্রতিবেদনে কমিটি জানায়, ২২ মাসে ৪০ লাখ ৯৬ হাজার ৩০২টি কলসেবা দেওয়া হয়েছে এবং এ বাবদ ১৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৬২৫ টাকার বকেয়া দাবি যথার্থ, সঠিক ও গ্রহণযোগ্য।

এর আগে ১৭ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ ১ মে থেকে পরবর্তী ছয় মাসের (৩১ অক্টোবর পর্যন্ত) মেয়াদ বাড়াতে শর্তসাপেক্ষ সম্মতি দেয়। এমনকি ২৮ অক্টোবর এমআইএস পরিচালক অধিদপ্তরের অর্থ পরিচালককে চিঠি দিয়ে বর্ধিত ছয় মাসের জন্য ৩ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৬২৮ টাকা বরাদ্দ বা ছাড় চান। সেই চিঠিতে সেবাটিকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ ও জনকল্যাণ-সংশ্লিষ্ট ২৪ ঘণ্টার সেবা’ হিসেবে উল্লেখ করা হয়।

কিন্তু এর মাঝেই গত ৭ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট-১ শাখা থেকে দুটি ভিন্ন চিঠি ইস্যু করা হয়। একটি চিঠিতে অর্থ বিভাগকে ২২ মাসের বকেয়া ১৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৬২৫ টাকা নতুন করে বরাদ্দের অনুরোধ জানানো হয়। একই দিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো আরেক চিঠিতে ওপি-পরবর্তী (অপারেশনাল প্ল্যান) কার্যক্রম ‘সন্তোষজনক না হওয়া, আর্থিক শৃঙ্খলা রক্ষা এবং অডিট আপত্তি পরিহারের লক্ষ্যে’ চুক্তির মেয়াদ আর না বাড়ানোর অনুরোধ জানানো হয়। তবে কোন সূচক অসন্তোষজনক, কোন ক্রয়বিধি লঙ্ঘন হয়েছে কিংবা কোনো অডিট আপত্তি আছে কি না—চিঠিতে তার কোনো বিবরণ দেওয়া হয়নি।

অন্যদিকে ১৭ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগ অতিরিক্ত সচিবকে (পরিকল্পনা) আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি মূল্যায়ন কমিটি গঠন করে। কমিটিকে এক মাসের মধ্যে অর্থাৎ ১৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু সেই সময়সীমা পূর্ণ হওয়ার আগেই ৭ ও ১৭ অক্টোবরের স্মারক উল্লেখ করে ১০ নভেম্বর সিনেসিস আইটিকে মেয়াদ না বাড়ানোর আদেশ দেয় এমআইএস।

বকেয়ার জট ও অর্থ বিভাগের পথ
নথিপত্র অনুযায়ী, সর্বশেষ তিন বছরের মূল চুক্তির মূল্য ছিল ২৯ কোটি ৯৮ লাখ ৫ হাজার টাকা। চতুর্থ সেক্টর কর্মসূচির ‘এইচআইএস অ্যান্ড ই-হেলথ’ অপারেশনাল প্ল্যান (ওপি) থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। ওই জুনে ওপিটির মেয়াদ শেষ হয়। এরপর ২০২৫ সালের ৫ মে পঞ্চম সেক্টর কর্মসূচি শুরু না করার সিদ্ধান্ত হলে পরবর্তী অর্থায়নের জন্য ডিপিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

সিনেসিস আইটির দাবি, ২০২৪ সালের জুলাই থেকে তারা বিল জমা দিয়ে নিজস্ব অর্থায়নে সেবা চালিয়ে গেছে। মূল চুক্তির শেষ ২২ মাসের (২ জুলাই ২০২৪ থেকে ১ মে ২০২৬) বকেয়া দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৬২৫ টাকা (মূল বিল ১১ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং ভ্যাট ১ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ১২৫ টাকা)। এর সঙ্গে বর্ধিত ছয় মাসের (১ মে থেকে ৩১ অক্টোবর ২০২৬) ৩ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৬২৮ টাকা যোগ করলে নথিপত্রে দুই মেয়াদের মোট হিসাব দাঁড়ায় প্রায় ১৭ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ২৫৩ টাকা। তবে চূড়ান্ত অনুমোদিত বা পরিশোধযোগ্য অঙ্কের কোনো পৃথক দলিল এখনো জারি হয়নি।

এদিকে গত ৫ অক্টোবর অর্থ বিভাগের বাজেট শাখা সমাপ্ত ১৯টি ওপির বকেয়া পরিশোধের বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে একটি চিঠি দেয়। সেখানে চলমান সম্পূর্ণ জিওবি-অর্থায়িত প্রকল্প সংশোধন এবং পরিকল্পনা কমিশনের সম্মতিতে উন্নয়ন বাজেট থেকে বকেয়া পরিশোধের সুযোগের কথা বলা হয়। তবে প্রকৃত কার্যকালের ১৬ মাসের (জুলাই ২০২৪ থেকে অক্টোবর ২০২৫) আউটপুট, দাপ্তরিক নির্দেশনা ও জনবল নিয়োজিত থাকার প্রমাণসহ দ্বৈত পরিশোধ এড়ানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

জনস্বাস্থ্যে প্রভাব ও নাগরিক উদ্বেগ
সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৬২৬৩ নম্বরে কলের স্বাভাবিক মোবাইল বিলের বাইরে অতিরিক্ত কোনো ফি লাগে না। তবে সিনেসিস আইটির ভাষ্য, এটি বিনা মূল্যে দেওয়া টোল-ফ্রি সেবা। এখান থেকে পাওয়া সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্যসেবা ৩৩৩ ও নারী-শিশু সহায়তা হেল্পলাইন ১০৯-এর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করে।

করোনা মহামারির সময় ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই নম্বরে ১ কোটি ২৬ লাখ কল এসেছিল; চূড়ায় থাকাকালে দৈনিক ৫০ থেকে ৬০ হাজার কল আসত। সিনেসিস আইটির ১১ নভেম্বরের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার কলের চাহিদা রয়েছে। সে হিসেবে এক সপ্তাহ সেবা বিঘ্নিত হলে প্রায় ৪৯ থেকে ৫৬ হাজার কলের মানুষ বিকল্পহীন হয়ে পড়তে পারেন। গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছিল, সে সময় ১০০ জন এমবিবিএস চিকিৎসক ও ২৫ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা পালাক্রমে এই সেবা দিতেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ে পরিবারের নিজ পকেটের অংশ ৬৮ দশমিক ৫ শতাংশ। এ অবস্থায় চর, হাওর ও দূরবর্তী এলাকার মানুষ, শিশু, প্রবীণ ও ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগীরা রাত-বিরাতে ঘরে বসে চিকিৎসকের প্রাথমিক পরামর্শ পেতেন। প্রতিষ্ঠানটির ভাষ্য, সেবা বন্ধের আশঙ্কার কথা শুনে নিয়মিত কয়েকজন কলার ইতিমধ্যেই উদ্বেগ জানিয়ে প্রশ্ন করেছেন, এরপর তাঁরা কীভাবে চিকিৎসকের সঙ্গে কথা বলবেন।

সিনেসিস আইটির বক্তব্য
সিনেসিস আইটির বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে ওপি শেষ হওয়া, বাজেটে অর্থায়নের পথ অনির্ধারিত থাকা এবং জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রকল্পে পুরোনো ব্যয় অন্তর্ভুক্তির প্রশ্নে অর্থছাড় আটকে যায়। (যদিও সরকারি নথিপত্রে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে বিল আটকে যাওয়ার সরাসরি কারণ-সম্পর্কের প্রমাণ নেই।)

সিনেসিস আইটি বলছে, মাসের পর মাস অর্থ না পাওয়ায় তাদের চলতি তহবিলে চাপ পড়েছে এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আনুষ্ঠানিক নবায়ন চুক্তি না হলেও জনস্বার্থে তারা বর্ধিত ছয় মাসেও সেবা চালু রেখেছিল। ১ নভেম্বর তারা অধিদপ্তরকে চিঠি দিয়ে সেবা চালানোর কর্তৃত্ব বা বন্ধের লিখিত নির্দেশনা চেয়েছিল। প্রতিষ্ঠানটির চাওয়া, নাগরিকদের সেবাপ্রাপ্তির পথ সচল রাখার পাশাপাশি অর্থ বিভাগের নির্দেশনার আলোকে যাচাই করা বকেয়া বিলগুলো দ্রুত নিষ্পত্তি করা হোক।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি