টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিপি-লিংক (TP-Link) বাংলাদেশে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস কানেক্টিভিটি ‘ওয়াই-ফাই ৮’ (Wi-Fi 8) উন্মোচনের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বাংলাদেশে টিপি-লিংকের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেকনোলজিস লিমিটেডের (Excel Technologies Limited) সহযোগিতায় আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গতকাল ১৭ নভেম্বর, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক (APAC) অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মি. ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের সার্ক (SAARC) অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মি. লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. গৌতম সাহা। এছাড়া অনুষ্ঠানে টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মি. ব্রায়ান ডং বলেন, “আমরা বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে সারাদেশের প্রযুক্তি পণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ওয়াই-ফাই ৮-এর এই উন্মোচন ওয়্যারলেস প্রযুক্তি উদ্ভাবনে টিপি-লিংকের অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ (UHR) নীতির ওপর ভিত্তি করে নির্মিত ওয়াই-ফাই ৮ মূলত ওয়্যারলেস কানেক্টিভিটির পরবর্তী বিবর্তন। এটি ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন ডিজিটাল পরিবেশে আরও উন্নত নেটওয়ার্ক স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন সংযোগ, বিস্তৃত কভারেজ এবং ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়।
এই প্রযুক্তিগত মাইলফলকের পাশাপাশি টিপি-লিংক তাদের ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ (Omada Expert Program) তুলে ধরে। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি অংশীদারদের মধ্যে পেশাদার নেটওয়ার্কিং দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে এই কৌশলগত উদ্যোগটি নেওয়া হয়েছে। বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় সেশন এবং পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির মাধ্যমে এই প্রোগ্রামটি বাংলাদেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে কাজ করবে। এর আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ কারিগরি শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং উন্নত নেটওয়ার্কিং সক্ষমতা তৈরির একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বাংলাদেশে টিপি-লিংকের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেকনোলজিস লিমিটেড স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেম সম্প্রসারণে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রযুক্তির উদ্ভাবন ত্বরান্বিত করা, নেটওয়ার্কিং পেশাজীবীদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে কানেক্টিভিটির ভবিষ্যৎ বিনির্মাণে টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের যৌথ লক্ষ্যই এই অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে।


