টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও প্রক্রিয়াগত ত্রুটি নিরসন করে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা প্রণয়ন এবং মনোনয়ন দাখিলসংক্রান্ত একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে চলমান কার্যক্রম স্থগিত করা হলো।
অস্থিরতা ও প্রশাসক নিয়োগের প্রেক্ষাপট
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ই-ক্যাবের তৎকালীন কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। ওই বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তৎকালীন সভাপতি শমী কায়সার পদত্যাগ করেন এবং পরবর্তীতে কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়। এর পরপরই সংগঠনটির কার্যক্রম সচল রাখতে এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
তবে প্রশাসক নিয়োগের পর থেকেই সংগঠনটিতে স্থবিরতা ও নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়। গত দুই বছরে পর্যায়ক্রমে একাধিক প্রশাসক (উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা) দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করেছেন। প্রশাসকদের এই ঘন ঘন পরিবর্তনের কারণে নির্বাচনী প্রক্রিয়া বারবার হোঁচট খেয়েছে।
বারবার তফসিল ও স্থগিতের বৃত্ত
কমিটি বিলুপ্ত ও প্রশাসক নিয়োগের পর থেকে এ পর্যন্ত একাধিকবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। প্রথমে ২০২৫ সালের শুরুর দিকে নির্বাচনের প্রাথমিক রূপরেখা ও ভোটার তালিকা হালনাগাদের নোটিশ জারি করা হয়। এরপর ওই বছরের মাঝামাঝি এবং শেষের দিকে আরও দুই দফায় নির্বাচনী তফসিল ঘোষণা ও সংশোধিত নোটিশ দেওয়া হলেও আইনি জটিলতা, ভোটার তালিকা নিয়ে আপত্তি এবং প্রশাসনিক রদবদলের কারণে প্রতিবারই তা স্থগিত হয়ে যায়। সর্বশেষ ২০২৬-২৮ মেয়াদের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চললেও ভোটার সংখ্যা ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে সাধারণ সদস্যদের তীব্র আপত্তির মুখে তা আবারও স্থগিত হলো।
প্রার্থীর প্রতিক্রিয়া
নির্বাচন স্থগিতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সভাপতি পদপ্রার্থী ও ক্ষেত খামারের স্বত্বাধিকারী মো. নুর ইসলাম বাবু বলেন, ‘ই-ক্যাবের নির্বাচন বারবার স্থগিত হওয়া অত্যন্ত হতাশাজনক। একটি জাতীয় পর্যায়ের বাণিজ্য সংগঠনের নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা সদস্য ও উদ্যোক্তাদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রায় তিন হাজার সদস্যের সংগঠনে মাত্র ৭১০ জনের ভোটার তালিকাভুক্তি এবং মনোনয়নপ্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ সমাধান প্রয়োজন। পাশাপাশি জাতীয়তাবাদী শক্তির নাম ব্যবহার করে কোনো মহলের স্বার্থসিদ্ধির অপচেষ্টা যেন রাজনৈতিক দল ও সরকারকে বিব্রত না করে, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আমরা চাই, সকল সদস্যের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।’
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বর্তমান প্রশাসক ও নির্বাচন বোর্ডকে সব অভিযোগ নিষ্পত্তি করে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃতফসিল প্রকাশ করতে হবে।


