টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় ‘আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘খুলনা ডিজিটাল কম্পিউটার মেলা ২০২৬’। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির আয়োজনে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নগরীর জলিল টাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে এই প্রযুক্তি মেলা।
মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চারটি স্বনামধন্য প্রযুক্তি ব্র্যান্ড ডেল, এইচপি, হিকভিশন ও স্মার্ট। মেলায় ব্র্যান্ডগুলোর বিভিন্ন প্রযুক্তিপণ্য সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তিপণ্য সম্পর্কে সরাসরি জানার এবং সেগুলো কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
১৪ নভেম্বর সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব জনাব মোঃ মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ডিএমডি জনাব মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইনকের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আবুল হাসান, জালিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম এবং খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ জিয়াউদ্দিন রহমান জিয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আজিজ হোসেন (সুমন)। এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ ও মেলা-২০২৬-এর আহ্বায়ক জনাব এইচ. এম. মোস্তাফিজুর রহমান (রিহিন)।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, আধুনিক প্রযুক্তির প্রসার এবং প্রযুক্তি ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রযুক্তিপণ্য সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে এ ধরনের মেলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খুলনা ডিজিটাল কম্পিউটার মেলা ২০২৬-এ প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনী সমাধান দেখার সুযোগ। মেলায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের অংশগ্রহণ দেশের প্রযুক্তি বাজারে আধুনিক পণ্য ও সমাধান তুলে ধরা এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
See less



