টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার টেলিফটো ক্যামেরার সমন্বয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৮০।
সোমবার (৯ নভেম্বর) এক লঞ্চিং ইভেন্টের মাধ্যমে নতুন এই ডিভাইসটি বাজারে আনার ঘোষণা দেয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তি ও নান্দনিক স্টাইলের এই স্মার্টফোনটি গ্রাহকদের দৈনন্দিন ব্যবহারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
আকর্ষণীয় ক্যামেরা ও পেশাদার ফটোগ্রাফি
পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিতে ভিভো ভি৮০-তে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এর ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট অপশন ছবির ব্যাকগ্রাউন্ডে প্রাকৃতিক ব্লার ও স্বাভাবিক গভীরতা তৈরি করে, যা মূল বিষয়বস্তুকে আরও ফুটিয়ে তোলে। ফলে প্রফেশনাল পোর্ট্রেট কিংবা ভ্রমণের স্মরণীয় মুহূর্তগুলো আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব।
ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশে এতে রয়েছে এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং এবং ফায়ারওয়ার্কস ফিচার। এছাড়া সামনে ও পেছনের উভয় ক্যামেরায় ৪কে রেজল্যুশনে ৬০ এফপিএস ভিডিও ধারণের সুবিধা থাকায় প্রতিটি ভিডিও আরও স্পষ্ট ও সাবলীল হবে।
ব্যাটারি, ডিসপ্লে ও পারফরম্যান্স
ব্যস্ত কর্মব্যস্ততায় ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ফোনটিতে রাখা হয়েছে ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এর ফলে দ্রুত চার্জিংয়ের পাশাপাশি মিলবে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ।
ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে নতুন অরিজিনওএস ৭। এছাড়া ১.৫কে রেজল্যুশন এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেটযুক্ত আই প্রটেকশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা বিনোদন ও দাপ্তরিক কাজ—উভয় ক্ষেত্রেই দারুণ ভিউইং অভিজ্ঞতা দেবে।
প্রিমিয়াম ডিজাইন ও রঙ
আধুনিক ট্রেন্ড ও ব্যবহারকারীর ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ফোনটির ডিজাইনে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। এতে রয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক দিয়েছে। গ্রাহকরা রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন এবং প্রাইম গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে স্মার্টফোনটি কিনতে পারবেন।
মূল্য ও প্রি-অর্ডার সুবিধা
বাংলাদেশে ভিভো ভি৮০-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৮৯,৯৯৯ টাকা। নতুন এই স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে এবং দেশের সকল ভিভো অথরাইজড চ্যানেল থেকে এটি প্রি-অর্ডার করা যাবে।
গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই বা কিস্তি সুবিধা। জাইস ক্যামেরা প্রযুক্তির এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



