টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং পেশাজীবীদের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম ‘এসকিউএটি বাংলাদেশ’-এর চতুর্থ আসর আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই যুগে সফটওয়্যার মান’।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ
‘চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক দিনব্যাপী এই আয়োজনে যোগ দেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। এ ছাড়াও দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), তথ্যপ্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা এই সম্মেলনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রকাশ
গত মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘স্কোয়াট বাংলাদেশ ২০২৬’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক কে এম হাসান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুজ্জামান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসটিবির সচিব মোহাম্মদ আক্তার উল আলম, প্রকৌশলী মো। অলিউল্লাহ ভূঁইয়া এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।
আয়োজক ও অংশীদার প্রতিষ্ঠান
বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) ব্যবস্থাপনায় আয়োজিত এই সিম্পোজিয়ামে একাডেমিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। সিম্পোজিয়ামের এক্সাম ও ডব্লিউবিটি অংশীদার হিসেবে রয়েছে জার্মানির আইএকিইআই। এ ছাড়া প্রযুক্তি অংশীদার হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ এবং ক্যারিয়ার অংশীদার হিসেবে স্কিল ডটজবস ও বিডিজবস এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।
মূল আকর্ষণ ও ভবিষ্যৎ লক্ষ্য
দিনব্যাপী এই আয়োজনে বৈশ্বিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, কি-নোট উপস্থাপনা, প্ল্যানারি অধিবেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল নেটওয়ার্কিং, সার্টিফিকেশন এবং ক্যারিয়ার ইনসাইটস নিয়ে আলোচনা হবে। ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড প্রকৌশলী তৈরি এবং সফটওয়্যার কিউএ ও টেস্টিং খাতে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে বিএসটিবি। পাশাপাশি দেশের প্রকৌশলীদের বৈশ্বিক প্রকল্প ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির সঙ্গে যুক্ত করতেও এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
সিম্পোজিয়ামে অংশ নিতে ইচ্ছুক পেশাজীবী ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।


