টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)–এর সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বে বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়নে বিপিও ভিলেজ প্রতিষ্ঠা, আইটিইএস খাতের রপ্তানি নগদ প্রণোদনা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাক্কো সভাপতি ফয়সল আলিম বিপিও ভিলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সমন্বিত বিপিও ভিলেজ গড়ে তোলা হলে এ শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে একটি কার্যকর ইকোসিস্টেম তৈরি হবে। পাশাপাশি বিপিও ও আইটিইএস খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এ সহায়তা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আসন্ন ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তুতি ও বাক্কোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতার বিষয়ে মতবিনিময় হয়।
মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাক্কো কার্যনির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান, এবং পরিচালকবৃন্দ এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
বাক্কো দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়ন, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। এই সৌজন্য সাক্ষাৎ শিল্পের চলমান উদ্যোগগুলো এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


