শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার পেল পাঁচ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩ জিতেছেন পাঁচ প্রতিষ্ঠানের ছয়জন উদ্যোক্তা। কৃষি, প্রযুক্তি, উৎপাদন, রপ্তানি শিল্প ও নারী উদ্যোক্তা-এই পাঁচ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন তাঁরা। এ ছাড়া দুজন উদ্যোক্তা পেয়েছেন সম্মানজনক স্বীকৃতি। খবর প্রথম আলো।

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জামাল উদ্দিন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুরি সদস্যের পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের স্বজন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টের প্রধান সমন্বয়কারী মুনির হাসান।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলে গলদ আছে। বেশ আগে থেকেই প্রবৃদ্ধি দেখানো হচ্ছে। সেই প্রবৃদ্ধির সুফল সব পর্যায়ের মানুষ পাচ্ছে কি না, তা নিয়ে কাজ হয়নি। বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি মেরামতের চেষ্টা করবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) নিয়ে এই উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে বাংলাদেশে এসএমই খাতের অবদান কম। নীতিগত সমস্যাও আছে। বড় উদ্যোক্তারা সব সময় বেশি পান। কারণ, তাঁদের লবি (তদবির) বড়। এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সমস্যা তুলে ধরে তিনি বলেন, বড় উদ্যোক্তারা বেশি ঋণ পান। তাঁরা খেলাপিও বেশি হন। অন্যদিকে ছোটরা খেলাপি হন কম। তারপরও ছোটদের ঋণ দিতে ব্যাংকগুলোর উৎসাহ কম।

ফিলিপাইনের এক প্রত্যন্ত এলাকার নারী উদ্যোক্তার গল্প বলেন সালেহউদ্দিন আহমেদ। অনেক দিন আগে সেখানে ভ্রমণে গিয়ে এই উদ্যোক্তার সঙ্গে কথা হয় তাঁর। বললেন, ‘নারী উদ্যোক্তা আমাকে বললেন, বিকেলের ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে গিয়ে পণ্য প্রদর্শন করবেন। ফিলিপাইনের এক প্রত্যন্ত এলাকার নারী যদি অন্য দেশে গিয়ে নিজের পণ্যের বিপণন করেন, তাহলে আমাদের উদ্যোক্তারা পারবেন না কেন।’ এ জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও টেকসই ব্যবস্থাপনায় নজর দিতে উদ্যোক্তাদের পরামর্শ দেন তিনি।

সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ, এমন এসএমই উদ্যোক্তাদের সম্মানিত করতে ২০২১ সালে এ পুরস্কার প্রবর্তন করে আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো। চলতি বছরের জন্য গত ১২ মার্চ ভার্চ্যুয়াল মাধ্যমে আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩-এর কার্যক্রম উদ্বোধন করা হয়। তারপর অনলাইন ও সরাসরি এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে ২০ মে পর্যন্ত আবেদন নেওয়া হয়। এ সময়ে মোট ১ হাজার ৫৭৬টি আবেদন জমা পড়ে। এরপর জুরিবোর্ড কয়েক দফা যাচাই-বাছাই করে পাঁচটি প্রতিষ্ঠানকে বিজয়ী হিসেবে চূড়ান্ত করে। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে সম্মানজনক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বছর কৃষিতে স্কাইফ্লোরা লিমিটেডের এমডি সাজিদ খান, প্রযুক্তিতে এ আর কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, উৎপাদনশিল্পে সেইফ ট্রেডিং করপোরেশনের (সতেজ) স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল, রপ্তানি শিল্পে অপরাজেয় লিমিটেডের এমডি কাজী মো. মনির হোসেন ও চেয়ারম্যান মুনিয়া জামান এবং নারী উদ্যোক্তা শ্রেণিতে রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন এবং উজ্জ্বলা লিমিটেডের স্বত্বাধিকারী ও এমডি আফরোজা পারভীন পুরস্কার পেয়েছেন।

ইনোভেশন গ্যারেজের এমডি এ এস এম আশিকুর রহমান এবং কাঁকন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ওয়ার্কশপের এমডি মো. মাহমুদুন্নবী বিপ্লব সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন।

স্বাগত বক্তব্যে আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও এম জামাল উদ্দিন বলেন, ১৯৮৬ সালে আইডিএলসির যাত্রা শুরু হলেও ২০০৬ সালে এসএমই উদ্যোক্তাদের ঋণ দেওয়া শুরু হয়। তখন মাসে এসএমই উদ্যোক্তাদের ঋণ দেওয়া হতো ১০ কোটি টাকা। বর্তমানে সেটি বেড়ে ৪০০ কোটি টাকা হয়েছে। তিনি বলেন, ‘দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ২৫ শতাংশ। তবে উন্নয়নশীল দেশগুলোতে এসএমই খাতের অবদান প্রায় ৫০ শতাংশ। তার মানে আমরা এখনো পিছিয়ে আছি। এসএমই খাতকে এগিয়ে নিতেই এই পুরস্কার দেওয়ার উদ্যোগ।’

এবার জুরিবোর্ডের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মেলিতা মেহজাবিন। সদস্যরা হলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, ক্রিয়েশনের এমডি মো. রাশেদুল করিম এবং মাস্টার র‌্যাকস অ্যান্ড ফার্নিচারের এমডি আল-মামুন।

মেলিতা মেহজাবিন বলেন, ‘আমরা নিরপেক্ষ পর্যালোচনার মাধ্যমে সেরা উদ্যোক্তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। এসএমই উদ্যোক্তাদের উন্নয়নের উদ্যোগ নিতে হবে। অর্থায়ন ও ব্যবসার মডেল দিয়ে তাঁদের সহায়তা করা প্রয়োজন। সব মিলিয়ে এসএমই খাতে একটি ইকো-সিস্টেম গড়ে তুলতে হবে।’

সমাপনী বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আগামী নভেম্বরে প্রথম আলো ২৬ বছর পূর্ণ করবে। এই ২৬ বছরের মধ্যে অনেক সময় ভয় ও চাপের মধ্যে আমাদের চলতে হয়েছে। আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। তবে আমরা সব সময় বাংলাদেশের জয় দেখতে চাই। প্রথম আলো বিভিন্ন ক্ষেত্রে সফলদের স্বীকৃতি ও সম্মান জানায়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিটি) উপাচার্য অধ্যাপক আবদুর রব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আইডিএলসি ফাইন্যান্সের এসএমই থিমসং ‘ভোরের সূর্য তাকে বলো’-এর ওপর নৃত্য পরিবেশন করেন ইভান শাহরিয়ারের পরিচালনায় সোহাগ ড্যান্স ট্রুপ। ‘ও আলোর পথযাত্রী’, ‘মুক্তির মন্দির সোপানতলে’ ও ‘ধনধান্য পুষ্পভরা’—এই তিন গানের একটি সংগীতালেখ্য পরিবেশন করে শর্মিলী বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি