টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিকাশ এবং ব্যবসায়িক অংশীদারদের অবদানের স্বীকৃতি দিতে পার্টনার্স নাইট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রযুক্তি পরিবেশক প্রতিষ্ঠান টেক ডিস্ট্রি লিমিটেড বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেক ডিস্ট্রি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আইসিটি পার্টনার ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে টেক ডিস্ট্রি লিমিটেড বাংলাদেশের চেয়ারম্যান শফিকুল আহমেদ বলেন, সিঙ্গাপুরের প্রযুক্তি পরিবেশক প্রতিষ্ঠান টেক ডিস্ট্রির সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সিনোলজি, ডি-লিংক এবং এমডোমেন সফটওয়্যারসহ প্রায় ১০টি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ডের পরিবেশক হিসেবে বাংলাদেশে আইসিটি পণ্য ও সেবা দিচ্ছে তারা।
তিনি বলেন, পার্টনারদের অনুপ্রেরণা ও সম্মাননা দেওয়াই আয়োজনের মূল উদ্দেশ্য। ব্যবসায়িক সাফল্যে অবদান রাখায় অনুষ্ঠানে প্রায় ৩০ জন পার্টনারকে নগদ রিবেট দেওয়া হয়েছে। পাশাপাশি পার্টনারদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিঙ্গাপুর ও কক্সবাজার ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
টেক ডিস্ট্রির কার্যক্রম সাধারণ পরিবেশক প্রতিষ্ঠানের চেয়ে আলাদা উল্লেখ করে শফিকুল আহমেদ বলেন, প্রতিষ্ঠানটি মূল সরঞ্জাম প্রস্তুতকারকদের মতো পার্টনারদের ব্যাক-এন্ড সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে ডিল রেজিস্ট্রেশন, ব্যাক-এন্ড রিবেট এবং পার্টনারদের জন্য বিশেষ আর্থিক ও ব্যবসায়িক সুবিধা রয়েছে।
তিনি আরও বলেন, শুধু বিদেশি প্রযুক্তিপণ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশীয় প্রযুক্তি ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও কাজ করছে টেক ডিস্ট্রি। সিঙ্গাপুরের টেক ডিস্ট্রির আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি প্রযুক্তি ব্র্যান্ডগুলোকে বিশ্বের বিভিন্ন দেশে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তি বাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে টেক ডিস্ট্রি লিমিটেডের এজিএম বিজনেস ডেভেলপমেন্ট নাজমুস সাবিক বলেন, বাংলাদেশে শুধু সাধারণ প্রযুক্তি পরিবেশক হিসেবে নয়, বরং ভ্যালু অ্যাডেড ডিস্ট্রিবিউটর হিসেবে পরিচিতি পেতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সার্ভার, নেটওয়ার্কিং ও ক্লাউড সলিউশন নিয়ে তারা কাজ করছে।
তিনি বলেন, টেক ডিস্ট্রি গ্রাহক ও পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ককে গুরুত্ব দেয়। শুধু পণ্য সরবরাহ নয়, টেকনিক্যাল সেশন, টেইলর-মেড আইটি সার্ভিস, উদ্ভাবন এবং প্রযুক্তিগত প্রবণতা নিয়ে তথ্য বিনিময়ের মাধ্যমে পার্টনারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।


