টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য বড় ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও সম্পাদনা অ্যাপ ‘কিনেমাস্টার’। এখন থেকে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা অর্থ পরিশোধ ছাড়াই অ্যাপটি থেকে লোগো বা ওয়াটারমার্ক ছাড়া পেশাদার মানের ভিডিও রপ্তানি (এক্সপোর্ট) করা যাবে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় কিনেমাস্টারের প্রধান কার্যালয়ে বিশ্বখ্যাত এই অ্যাপটির বৈশ্বিক ব্যবস্থাপনা ও মূল উন্নয়নকারী দলের সঙ্গে বাংলাদেশ টাইমসের মোজো এডিটর ইন চিফ সাব্বির আহমেদের এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ ব্যবহার এবং নতুন হালনাগাদ ফিচার নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি শিগগিরই তাদের নতুন ‘৮.২ সংস্করণ’ উন্মোচন করতে যাচ্ছে। নতুন এই হালনাগাদে যে সুবিধাগুলো থাকছে:
বিনামূল্যে ওয়াটারমার্ক অপসারণ: বাংলাদেশের ব্যবহারকারীরা এখন থেকে কোনো অর্থ দেওয়া ছাড়াই ওয়াটারমার্ক ছাড়া ভিডিও তৈরি ও রপ্তানি করতে পারবেন।
বিজ্ঞাপনমুক্ত সম্পাদনা: ভিডিও সম্পাদনা পর্দায় প্রবেশ করার সময় আগের মতো আর কোনো বাড়তি বিজ্ঞাপনের ঝামেলা থাকবে না।
দৈনিক আনলিমিটেড সুবিধা: প্রতিদিন প্রথম পাঁচটি ভিডিও সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়াই রপ্তানি করা যাবে। পরবর্তীতে একটি ছোট বিজ্ঞাপন দেখার মাধ্যমেই পরবর্তী ভিডিওগুলো সম্পাদনার সুযোগ মিলবে।
বড় পর্দার জন্য নতুন বিন্যাস: ট্যাবলেট ও বড় পর্দার যন্ত্রের জন্য আসছে আরও শক্তিশালী ও নতুন ধরনের এডিটিং ইন্টারফেস।
এ ছাড়া বৈঠকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয় ক্যাপশন (অটো-ক্যাপশন) তৈরির সমস্যার বিষয়টি তুলে ধরা হলে কিনেমাস্টার কর্তৃপক্ষ তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে পকেট স্টুডিও হিসেবে পরিচিত এই অ্যাপটি দিয়ে বাংলাদেশেও বিপুলসংখ্যক সংবাদকর্মী ও ভিডিও নির্মাতা মুঠোফোনেই পেশাদার মানের ভিডিও সম্পাদনার কাজ করে থাকেন।নতুন এই হালনাগাদের ফলে দেশে ভিডিও নির্মাণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।


