টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান দাহুয়া টেকনোলজি ও স্থানীয় প্রতিষ্ঠান কোয়াড হাব লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দাহুয়ার তৈরি ফায়ার অ্যালার্ম সিস্টেম বা অগ্নিনিরোধক সতর্কীকরণ ব্যবস্থার জাতীয় পরিবেশক (ন্যাশনাল ডিস্ট্রিবিউটর) হিসেবে কাজ করবে কোয়াড হাব।
রাজধানীর গুলশান-১-এ দাহুয়ার দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ে গত বুধবার (২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কোয়াড হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন আহমেদ এবং দাহুয়া টেকনোলজির দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কেভিন ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কোয়াড হাবের পরিচালক মনজুর আলম, মো. হাবিবুর রহমান হেলাল, বোরহান উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে এখন থেকে বাংলাদেশে দাহুয়ার অগ্নিনিরোধক সতর্কীকরণ ব্যবস্থার বিপণন, সরবরাহ, সংযোগ স্থাপন, প্রযুক্তিগত সহায়তা ও বিক্রয়োত্তর সেবা সম্প্রসারণের কাজ করবে কোয়াড হাব।
অনুষ্ঠানে কোয়াড হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় দ্রুত শনাক্তকরণ ও দ্রুত সতর্কবার্তা পাঠানো অত্যন্ত জরুরি। দাহুয়ার আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও কোয়াড হাবের স্থানীয় অভিজ্ঞতা যুক্ত হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় মানসম্মত অগ্নিনিরাপত্তা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
দাহুয়া টেকনোলজির দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কেভিন ঝাং বলেন, বাংলাদেশের বাজার তাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এই অংশীদারত্বের মাধ্যমে বাণিজ্যিক ভবন, শিল্পকারখানা ও আবাসিক এলাকার সার্বিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ উদ্যোগের ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও বহুতল ভবনে আধুনিক অগ্নিনিরোধক সতর্কীকরণ ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পাবে, যা অগ্নিকাণ্ডে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখবে।



