বুধবার, আগস্ট ১২, ২০২৬
29 C
Dhaka

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (এপিওএআই) অংশ নিয়েই ৩টি স্বর্ণ পদক পেয়ে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চীন, রাশিয়া, সিঙ্গাপুর, জাপান ও ইরানের মতো প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশ সহ মোট ১৮টি দেশের ১২৯ জন মেধাবী প্রতিযোগীদের সাথে লড়াই করে দেশের তিন শিক্ষার্থী নিজেদের করে নিয়েছেন সেরাদের মুকুট। প্রতিযোগিতার মোট ১০টি স্বর্ণপদকের মধ্যে ৩টিই গেছে বাংলাদেশের ঝুলিতে, যা এই আসরে অংশগ্রহণকারী অন্য যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ।

অনন্য এই কীর্তির মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো লাল-সবুজের দল। বাংলাদেশের হয়ে এই গৌরব এনে দিয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো: সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্য। আন্তর্জাতিক এই আসরের চূড়ান্ত র‍্যাংকিংয়ে তাঁরা যথাক্রমে ৪র্থ, ৫ম ও ৯ম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ দলের আরও ৪ জন শিক্ষার্থী পেয়েছে সম্মানজনক স্বীকৃতি । তাঁরা হলো, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈরা নাওয়ার আহমেদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের আরেক সদস্য ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুর্তজা আব্দুল্লাহও প্রতিযোগিতার পুরোটা সময় ভাল লড়াই করেছে।

গত ১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) থেকে অংশগ্রহণকারী অন্যান্য দেশের মত সরাসরি অনলাইনে ভিডিও প্রক্টরিং ও স্ক্রিন রেকর্ডিং-এর মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বাংলাদেশ দলের ৮ জন শিক্ষার্থী। ৬ ঘণ্টার এই প্রতিযোগিতা শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। প্রতিযোগিরা সন্ধ্যা ৬ টা পর্যন্ত বোরিয়াম নামক প্ল্যাটফর্মে ৪টি পৃথক মেশিন লার্নিং সমস্যার সমাধান করে। চীনের এপিওএআই আয়োজক কমিটি প্রতিযোগিতার সমস্যাগুলো উন্মুক্ত করেছে এই লিংকে: https://www.bohrium.com/en/competitions/91841752314। ৩১ জুলাই পর্যন্ত যে কেউ এখানে অংশ নিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারবে। অফিশিয়াল ফলাফল দেখা যাবে এই লিংকে: https://apoai.org/apoai2026.

স্বর্ণজয়ের অনুভূতি জানাতে গিয়ে লাবিব শাহরিয়ার বলে, “যখন ফলাফলের তালিকায় নিজের নামের পাশে ‘লাবিব শাহরিয়ার – গোল্ড মেডেল’ লেখা দেখলাম, এক মুহূর্তের জন্য মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। প্রতিযোগিতায় আমার অবস্থান ভালো ছিল। তাই রৌপ্য বা স্বর্ণ – যেকোনো একটি পদক পাওয়ার আশায় ছিলাম। রৌপ্য পদক নিয়ে আমি প্রায় নিশ্চিতই ছিলাম, আর স্বর্ণের জন্য শুধু আশা করছিলাম। এখন সত্যিই স্বর্ণপদক জিততে পেরে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অলিম্পিয়াডের প্রথম আসরে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করা এবং দেশের জন্য এই গৌরব বয়ে আনতে পারা আমার জন্য অসীম আনন্দ ও গর্বের। এই অর্জন সম্ভব হয়েছে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। এই আয়োজনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বিডিওএসএন, বাংলাদেশ এআই অলিম্পিয়াড কমিটি এবং এপিওএআই আয়োজক কমিটির প্রতি।”

স্বর্ণপদকজয়ী আরেক সদস্য মোঃ সাইদুজ্জামান আরাফ তার অনুভূতি ব্যক্ত করে বলে, “নিজের জন্য জেতা কখনোই বড় বিষয় ছিল না, কিন্তু দেশের হয়ে কম্পিটিশনে নামলে বিষয়টা একদম আলাদা হয়। আজ যখন রেজাল্টে নিজের নামের পাশে গোল্ড লেখা দেখলাম আর অফিসিয়াল টি-শার্টে বাংলাদেশের ম্যাপটা চোখে পড়ল, তখন সত্যিই ভালো লেগেছে। এই জয় শুধু আমার না, এটা বাংলাদেশের। আজ আমরা অর্জন করেছি, সামনে যারা আসবে তারাও করবে, আর শেষ পর্যন্ত পরিচয়টা একই থাকবে, বাংলাদেশি।”

আরেক স্বর্ণপদকজয়ী সদস্য ত্রিদিব রায় আর্য জানায়, “এপিওএআই-তে স্বর্ণপদক পাওয়ায় আমি সত্যিই খুব আনন্দিত। নিজ দেশ ও মাতৃভূমির মর্যাদা সমুন্নত রাখতে পারায় আমি অত্যন্ত গর্বিত। আগামীর পথচলায় সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। ”

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর প্রেসিডেন্ট মুনির হাসান বলেন, “প্রথমবারের মতো আয়োজিত এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে এই অবিস্মরণীয় সাফল্য বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত! পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে আর কোনো দেশ যেখানে দুটির বেশি গোল্ড মেডেল পায়নি, সেখানে আমাদের শিক্ষার্থীরা একাই ৩টি গোল্ড মেডেল অর্জন করেছে! এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। বিভিন্ন সীমাবদ্ধতা আর নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিডিওএসএন টিম যেভাবে এই পুরো আয়োজনটিকে সফল করেছে, তা সত্যিই প্রশংসনীয়। পুরো টিম এবং বিজয়ীদের আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন!”

বাংলাদেশ দলের এই অসাধারণ সাফল্য নিয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন দলের দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। তিনি বলেন, “এই ফলাফল আমাদেরকে আশান্বিত করে তোলে। নানা ধরনের প্রতিবন্ধকতার মাঝেও আমরা যে কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছি, সেটি অর্থবহ হয়ে উঠে আমাদের এই প্রতিযোগীদের ভালো ফলাফলের মাধ্যম। এটি শুধু আমাদের অর্জন নয়, এটি বিশ্ব দরবারে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক উপস্থির দৃঢ় ঘোষণা।“ তিনি আরও বলেন –  “যেমন করেই হোক, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য, আগামী প্রজন্মের জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখবো।”

বাংলাদেশ দলের কোচ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. মো: আজম খান বলেন, “টিম বাংলাদেশের এই অসাধারণ সাফল্য আমাদের সবার জন্য গর্বের। আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সাহস, অধ্যবসায় এবং দেশের জন্য সেরাটা দেওয়ার দৃঢ় প্রত্যয়ই এই ঐতিহাসিক অর্জনের মূল ভিত্তি। আঞ্চলিক ও জাতীয় বাছাইপর্ব, প্রশিক্ষণ ক্যাম্প এবং নিবিড় অনুশীলনের মাধ্যমে আমাদের আটজন মেধাবী শিক্ষার্থী নিজেদের অসাধারণ নিষ্ঠা ও সমস্যা সমাধানের দক্ষতার পরিচয় দিয়েছে। প্র্যাকটিস সেশনে তাদের শেখার আগ্রহ, কৌতূহল এবং দ্রুত উন্নতি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আমরা শুধু একটি প্রতিযোগিতায় অংশ নিইনি; আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং দক্ষতার প্রতিনিধিত্ব করেছি। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও অনেক আন্তর্জাতিক সাফল্যের ভিত্তি তৈরি করবে।”

বাংলাদেশ দলের একাডেমিক কোঅর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিস বলেন, “বাংলাদেশ দলের সবার পারফর্মেন্সে আমি ভীষণ আনন্দিত। এবারের এপিওএআই-তে ৪টি প্রবলেমের মধ্যে একটি ছিল এস্ট্রোনমি ডোমেইনের, একটি ছিল অডিও প্রসেসিং-এর, একটি ওয়াইল্ডলাইফ ইমেজ সংক্রান্ত, এবং বাকি প্রবলেমটি ছিল কেমিস্ট্রি ডোমেইনের। ফলে একজন হাই স্কুল বা কলেজের শিক্ষার্থী ভবিষ্যতে যে ডোমেইনেই কাজ করার স্বপ্ন দেখুক না কেন, এআই এবং মেশিন লার্নিং-এ দক্ষতা তাকে অনেকটা পথ এগিয়ে রাখবে। কারণ সব ডোমেইনেই নতুন জ্ঞান সৃষ্টি করতে হলে কাজ করতে হয় প্রচুর ডেটা নিয়ে। একজন হাই স্কুল শিক্ষার্থী অল্পবিস্তর পাইথন শিখে ক্যাগল প্ল্যাটফর্মে খুব সহজেই মেশিন লার্নিং হাতেকলমে শেখা শুরু করতে পারে।  মাত্র এক যুগ আগেও এই চমৎকার ব্যাপারটি সম্ভব ছিল না।”

উল্লেখ্য, ৩ মাসব্যাপী কঠোর নির্বাচন প্রক্রিয়া এবং ২০–২৩ মে অনুষ্ঠিত জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের পর এই দলটিকে নির্বাচন করেছিল বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (বিডিএআইও)-এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

এবারের পুরো আসরের মূল আয়োজক ও পরিচালনায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত ছিল রিভ চ্যাট (রিভ চ্যাট)। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পন্সর বিটনা এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)। আয়োজনের টিভি পার্টনার হিসেবে ছিল দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি।

তরুণদের এই গৌরবময় সাফল্য দেশের এআই ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে- যা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের এআই প্রযুক্তিতে মৌলিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি