টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (এনআইএনএস) স্থাপন করা হয়েছে অত্যাধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট।
হাসপাতাল পর্যায়ে দেশে প্রথম স্থাপিত এ ধরনের আধুনিক প্ল্যান্টকে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ মো. আবদুল ওয়াদুদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
পরিদর্শনকালে তাঁরা হাসপাতালের অত্যাধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্ল্যান্টটির কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং এর মাধ্যমে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় কী ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে, সে বিষয়ে তাঁদের অবহিত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ডিসপোজেবল মেডিকেল সামগ্রী ও চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ওয়াশিং প্ল্যান্ট একটি আধুনিক উদ্যোগ। নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি ভূমিকা রাখছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক (নিউরোসার্জারি) ডা. ফরহাদ হোসেন চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মামুন-অব-রশীদ, সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মো. মাজহারুল ইসলাম এবং শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলামসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
ওয়াশিং প্ল্যান্ট পরিদর্শন শেষে অতিথিরা হাসপাতালের অত্যাধুনিক স্ট্রোক ইউনিট, নতুন ভবন, ক্যাথ ল্যাব এবং নতুন ভবনের বহির্বিভাগ পরিদর্শন করেন।
এ সময় তাঁরা হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়নের মাধ্যমে রোগীদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে হাসপাতালের সংক্রামক ও ঝুঁকিপূর্ণ বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে রোগী, চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী এবং আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে চিকিৎসাবর্জ্য পৃথকীকরণ, জীবাণুমুক্তকরণ, নিরাপদ পরিবহন ও চূড়ান্ত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টদের মতে, এনআইএনএসের এ উদ্যোগ দেশের অন্যান্য সরকারি হাসপাতালেও আধুনিক ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা চালুর ক্ষেত্রে দৃষ্টান্ত হতে পারে।



