টেকভিশন২৪ ডেস্ক: ১০টি স্কুল এবং উপকূলীয় অঞ্চলের কয়েকটি উপজেলার স্কুলের শিক্ষার্থীদেরকে স্মার্ট ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি রোবোটিক্স এবং স্টেম এডুকেশনে (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) দক্ষতা উন্নয়নে কাজ শুরু করল জাদুপিসি। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)এর সাথে যৌথভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। আজ ঢাকার ধানমণ্ডিতে এই বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক স্বাক্ষর করেন জাদুপিসির প্রতিষ্ঠাতা মাসরুর হান্নান এবং বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এই আয়োজন সম্পর্কে জাদুপিসির প্রতিষ্ঠাতা বলেন, “বিভিন্ন স্কুলে শিক্ষাগত উপকরণের উন্নয়ন সহ পাইলট প্রকল্পের সাথে প্রযুক্তি শিক্ষা, রোবোটিক্স এবং স্টেম শিক্ষা নিয়ে কাজ করবে এ দুইটি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে বাংলাদেশের ১০টি নির্বাচিত স্কুল এবং উপকূলের তিনটি উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। জাদুপিসি ব্যবহার করে স্কুল শিক্ষার্থীদের প্রোগ্রামিংও শেখানো হবে।”
উল্লখ্য, একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে STEM শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং শিশু, যুবক ও মহিলাদের জন্য আইসিটি দক্ষতা এবং ক্ষমতার গুরুত্ব প্রচার করতে কাজ করে যাচ্ছে। অন্যদিকে দেশের শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে কাজ করছে জাদুপিসি।
আগামীতে বিভিন্ন স্কুলে ওপেন সোর্স প্রযুক্তি এবং জাদু পিসি প্রবর্তন ও প্রচারের জন্য একটি পাইলট প্রকল্প পরিচালনা করা হবে। এ প্রকল্পে স্মার্ট ডিভাইস, ইন্টারনেট, ওপেন সোর্স সফটওয়ারের নির্বাচিত অংশকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের সাথে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া প্রযুক্তি শিক্ষা, রোবোটিক্স এবং স্টেম এডুকেশনের বিভিন্ন প্রকল্পে একসাথে কাজ করা হবে। মালালা ফান্ডের সহায়তায় উপকূলীয় এলাকায় পরিচালিত বিডিওএসএনের প্রকল্পেও জাদুপিসি কাজ করবে।
এছাড়া যৌথ আয়োজনে বিভিন্ন ইভেন্ট, ওয়ার্কশপ এবং কনফারেন্সে অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান, ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হতে কাজ করবে তারা। আগামী এক বছর সময়কালের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো। এ সময় বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, জাদুপিসির চিফ টেকনিক্যাল অফিসার রাগীব এহসান শাদাব, বিডিওএসএনের প্রকল্প সমন্বয়ক মোশারফ হোসেন টিপু এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন।


