টেকভিশন২৪ ডেস্ক: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বিএনপি সরকারের মন্ত্রীসভায় দায়িত্ব পাচ্ছেন। নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৪৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে বিজয়ী হন ফকির মাহবুব আনাম স্বপন। এর আগে তিনি এমপি না হয়েও ২০০৬ সালে বৃহত্তর মধুপুর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিয়ে ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে প্রশাসনিক কার্যক্রম শুরু করে দেন। সেই থেকেই ধনবাড়ী অঞ্চলের উন্নয়নের দ্বার খুলে যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং দলীয় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।



