টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদে বিজয় অর্জন করে আলোচনায় এসেছেন প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও উদ্যোক্তা প্রকৌশলী শারমিন খান ঊর্মি। তাঁর এই দ্বৈত বিজয়কে প্রকৌশলী সমাজের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্য পদে (ব্যালট নম্বর ০৯) ৩২৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন প্রকৌশলী শারমিন খান ঊর্মি। একই সঙ্গে কমপিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্য পদে (ব্যালট নম্বর ৩০) ৩১৯ ভোট পেয়ে সপ্তম স্থান অর্জনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনি।
গত ১২ নভেম্বর দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৩১ হাজার ৮৫১ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৯৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সে হিসাবে নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৪৩ দশমিক ৮ শতাংশ।
নির্বাচনে বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণের কারণে বিভিন্ন ভোটকেন্দ্রে দীর্ঘ সারি তৈরি হয়। অনেক ভোটারকে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে। ভোটারদের এই ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রকৌশলী শারমিন খান ঊর্মি।
একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতি ও দীর্ঘ অপেক্ষা উপেক্ষা করে যারা ধৈর্য ধরে ভোটকেন্দ্রে অবস্থান করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেবল কোনও ব্যক্তি কিংবা প্যানেলের জয়-পরাজয়ের বিষয় নয়; বরং এটি প্রকৌশলী সমাজের গণতান্ত্রিক চেতনা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং সাংগঠনিক সম্পৃক্ততার বহিঃপ্রকাশ।
নিজের এই দ্বৈত বিজয়কে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখতে চান না শারমিন খান ঊর্মি। তিনি বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে হলুদ প্যানেলের সহযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও বিশ্বাস। বিশেষ করে দূরদূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে যেসব নারী প্রকৌশলী, মা, বোন ও শুভাকাঙ্ক্ষী তাঁকে সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটারদের এই আস্থা ও প্রত্যাশার যথাযথ মূল্যায়ন করাই এখন আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব।
নির্বাচনে ভোটারদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন শারমিন খান ঊর্মি। তাঁর প্রত্যাশা, আগামী দিনে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আইইবির নির্বাচন ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও সুশৃঙ্খল করা সম্ভব হবে। এ ছাড়া প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিতে প্রকৌশলীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিতে চাই। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের পরিবেশ তৈরিতে কাজ করার পরিকল্পনা রয়েছে। কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে নারী প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর দল-মত ও প্যানেলভিত্তিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শারমিন খান ঊর্মি। তিনি বলেন, নির্বাচনে কেউ জয়ী হয়েছেন, কেউ পরাজিত হয়েছেন তবে পেশাগত পরিচয় ও বৃহত্তর স্বার্থে সবাই একই প্রকৌশলী পরিবারের সদস্য। তাই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সীমা পেরিয়ে সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ ইঞ্জিনিয়ারিং কমিউনিটি গড়ে তোলাই হওয়া উচিত সবার সম্মিলিত লক্ষ্য। ‘আপনার আস্থা, আমার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে প্রকৌশলী সমাজের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।
১৯৪৮ সালে নিবন্ধিত দেশের অন্যতম প্রাচীন পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। এই সংগঠনের নবনির্বাচিত সদস্য প্রকৌশলী শারমিন খান ঊর্মি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) -এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘সামুরাই গীক্স’ এবং প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ‘লার্নিয়াম একাডেমি’র প্রতিষ্ঠাতা হিসেবে ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা খাতে কাজ করছেন।
দ্বৈত বিজয়ের মধ্য দিয়ে আইইবির দুটি গুরুত্বপূর্ণ পরিসরে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া শারমিন খান ঊর্মির সামনে এখন নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জ। প্রকৌশলীদের অধিকার রক্ষার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের মাধ্যমে আইইবিকে আরও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করাই হবে তাঁর অঙ্গীকার বাস্তবায়নের বড় পরীক্ষা।


