টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং দক্ষ জনবল তৈরিতে সময়োপযোগী দক্ষতা উন্নয়ন রোডম্যাপ নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর নিজস্ব কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএসের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ আলোচনা সভায় অংশ নেন।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় আইসিটি ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কোর্স চালু, শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য সম্ভাবনাময় তরুণদের প্রস্তুত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।



