টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসআইএ-এর সভাপতি এম. এ. জব্বার।
উদ্বোধনী বক্তব্যে বিএসআইএ সভাপতি এম এ জব্বার গত এক বছরে অ্যাসোসিয়েশনের উল্লেখযোগ্য অর্জনসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দক্ষ সেমিকন্ডাক্টর জনশক্তি গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনকে শক্তিশালী করা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএসআইএ-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এজিএমে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ; বার্ষিক প্রতিবেদন ২০২৫-২০২৬ পর্যালোচনা ও অনুমোদন; ২০২৫-২৬ অর্থবছরের অ্যাসোসিয়েশনের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন বিবেচনা ও অনুমোদন; ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়।
অন্যান্যদের মধ্যে বিএসআইএ-এর ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোজাহেদুল হক আবুল হাসানাত ২০২৫-২৬ অর্থবছরের অ্যাসোসিয়েশনের হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন করেন। বিএসআইএ-এর পরিচালক মুনির আহমেদ এবং কামরুল আহসান দেওয়ানজীও আলোচনায় অংশ নেন।
এজিএমে বিএসআইএ-এর সদস্য প্রতিষ্ঠান নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, উলকাসেমি প্রাইভেট লিমিটেড, তাফুরি টেকনোলজিস লিমিটেড, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, সিলিকোনোভা লিমিটেড, ডায়নামিক সল্যুশন ইনোভেটরস, বালু টেকনোলজিস লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, ক্যাকটাস ম্যাটেরিয়ালস লিমিটেড, ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড, এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড, এডিএন সেমিকন্ডাক্টরস লিমিটেড এবং সিলিকন অ্যারে-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সদস্যরা শিল্পের উন্নয়ন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি ইভেন্টে অংশগ্রহণ, বৈশ্বিক বাজারে নতুন সুযোগ অনুসন্ধান এবং সরকারের কাছে উপস্থাপনের জন্য ২০৩০ সালকে লক্ষ্য ধরে একটি সমন্বিত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি রোডম্যাপ প্রণয়নের বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামত বাংলাদেশে আরও শক্তিশালী, বৈশ্বিকভাবে সংযুক্ত এবং প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি সকলের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করে।


