টেকভিশন২৪ ডেস্ক: ২০১৮-সালের ১২-মে তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম বুকে ধারণ করে মহাকাশে পাড়ি জমায় দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য ২৬ জুলাই ২০২৩ তারিখে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রদান কার্যলয়ে অনুষ্ঠিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ- মহাপরিচালক, কমডোর মোঃ মঈনুল হাসান, (এনডি), বিএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মাদ শহীদুল হক, (এইচ১), পিএসসি, বিএন, আইটি ও যোগাযোগ পরিদপ্তরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মিজানুর রহমান, (এল), বিএন সহ আইটি ও যোগাযোগ অধিদপ্তের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএসসিএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ, বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির সহ বিএসসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। দেশীয় স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে আরেকধাপ এগিয়ে গেল । বাংলাদেশ কোস্ট গার্ডের টহল জাহাজে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের মাধ্যমে সমুদ্রসীমার ২০০ ন্যটিক্যাল মাইলেও টেলিযোগাযোগ অব্যাহত থাকবে, যা বাংলাদেশের সমূদ্রসীমাকে করবে আরো নিরাপদ। জাতীয় জরুরী প্রয়োজন ও প্রাকৃতিক দূর্যোগে এ নেটওয়ার্ক ব্যবহার কবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহাকাশ ও স্যাটেলাইট জগতে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনের প্রথম ধাপ বাস্তবায়িত হয়েছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণের মাধ্যমে।
ইতোমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, আকাশ ডিটিএইচ, বাংলাদেশ সেনা বাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, মৎস অধিদপ্তর, ইস্টার্ন ব্যাংক লিঃ, ডাচ বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং ইউকে বেইসড মাদানি টিভি, এয়ারকম, বেক্সিমকো ডিজিটাল ডিট্রিবিউশন লিঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় দেশের পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণ করার কাজ চলছে যা উৎক্ষেপিত হলে দেশ স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।


